ত্রিদেশীয় সিরিজ জিততে পারলে আত্মবিশ্বাস বাড়বে : মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৬ অক্টোবর, ২০২৬ at ৬:১৩ পূর্বাহ্ণ

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ও আত্মবিশ্বাস বাড়ানোর বড় সুযোগ হিসেবে ত্রিদেশীয় সিরিজকে দেখছেন বাংলাদেশের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ভালো ফল করে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুত করতে চায় বাংলাদেশ। এই সিরিজে সাফল্য পেলে পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা সহজ হবে বলে মনে করেন তিনি। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও জিম্বাবুয়ে। ওয়ানডে ক্রিকেটে সামপ্রতিক সময়ে দুই দলই ভালো করছে। তাই কাউকেই হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না মোসাদ্দেক। তার মতে, দল হিসেবে নিজেদের সামর্থ্য প্রমাণ করাই হবে বাংলাদেশের মূল লক্ষ্য। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোসাদ্দেক বলেন, ‘ত্রিদেশীয় সিরিজ আমাদের জন্য একটা অনুপ্রেরণা। সামনে এশিয়া কাপ, এরপর বিশ্বকাপ। এই ত্রিদেশীয় সিরিজগুলো জিততে পারলে আমার কাছে মনে হয়, আমরা সামনে অনেক আত্মবিশ্বাস পাব।’

২০১৯ সালে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে প্রথমবারের মতো বহুজাতিক ওয়ানডে টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই দলের সদস্য ছিলেন মোসাদ্দেক। ফাইনালে অপরাজিত ৫২ রানের ইনিংস খেলে বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন এই অলরাউন্ডার। সেই সাফল্যের স্মৃতি এবারও তাকে অনুপ্রেরণা জোগাচ্ছে। তবে এবারের সিরিজের চ্যালেঞ্জও কম নয়। বিশেষ করে গত সিরিজে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ধবলধোলাই হওয়ার পর ঘুরে দাঁড়ানোই বাংলাদেশের সামনে বড় লক্ষ্য। মোসাদ্দেক মনে করেন, আধুনিক ক্রিকেটে কোনো দলকেই ছোট করে দেখার সুযোগ নেই। তিনি বলেন, ‘আধুনিক ক্রিকেটে কোনো দেশ বা দলকেই ছোট বলা যাবে না। সামপ্রতিক সময়ে সবাই ওয়ানডে ফরম্যাটে খুব ভালো করছে।’ নিজেদের সামর্থ্য প্রমাণের গুরুত্ব তুলে ধরে মোসাদ্দেক আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ, এখানে আমরা কত ভালো করতে পারি। এশিয়া কাপ কিংবা এশিয়া কাপের পরে বিশ্বকাপে যে চ্যালেঞ্জ আসবে, এই সময়গুলোতে দল হিসেবে ভালো করতে পারলে সেগুলো আমাদের জন্য সহজ হবে।’ ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়ে দলীয় সমন্বয় ও সম্মিলিত প্রচেষ্টাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন মোসাদ্দেক। তার মতে, মাঠে ভালো ক্রিকেট খেলতে পারলেই দল হিসেবে বাংলাদেশের প্রকৃত সামর্থ্য প্রকাশ পাবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা যদি মাঠের ক্রিকেটটা ভালো খেলতে পারি, সেটা অনেক কিছুই প্রমাণ করে দেবে, আমরা কতটা ভালো দল। সেই জায়গা থেকে আমাদের সবাইকে মিলে প্রমাণ করতে হবে, দল হিসেবে আমরা কত ভালো খেলতে পারছি। ক্রিকেট কোনো ব্যক্তিগত খেলা নয়, এটা পুরোপুরি দলীয় খেলা। তাই দল হিসেবে আমরা কতটা ভালো করতে পারছি, সেটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া ঘাটচেক রহম আলী শাহ্‌ স্মৃতি সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধরিশাদকে পেয়ে উচ্ছ্বসিত হোবার্ট