তাহসিফের মৃত্যু : আসামি দীপের আবার ৩ দিনের রিমান্ড

| বুধবার , ৪ নভেম্বর, ২০২৬ at ১০:৩২ পূর্বাহ্ণ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার কারণে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি খুন হতে পারেন বলে সন্দেহের কথা আদালতকে জানিয়েছিল রাষ্ট্রপক্ষ। তাহসিফের মৃত্যুর সঙ্গে দেশি ও বিদেশির গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে বলে এবার সন্দেহের কথা প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালতে গতকাল মঙ্গলবার তাহসিফ সাউরির বন্ধুস্থানীয় ছোটভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপের রিমান্ড আবেদনের শুনানিতে এ সন্দেহের কথা বলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন। খবর বিডিনিউজের।

দীপের প্রথম দফায় রিমান্ড শুনানিতে গত ৩১ অক্টোবর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার সন্দেহ প্রকাশ করে আদালতে বলেছিলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ভিডিও করেছিলেন তাহসিফ সাউরি। পরবর্তীতে তা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়। এ কারণে ভিকটিমকে খুন করা হতে পারে।

চার দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দীপকে আদালতে হাজির করে আট কারণ দেখিয়ে ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌ–পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। রিমান্ডের পক্ষে কারণগুলো তুলে ধরেন ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী শামছুদ্দোহা সুমন রিমান্ড মঞ্জুরের আবেদন করে বলেন, গত ২৭ অক্টোবরের ঘটনা। এ আসামি ভিকটিমকে ওই দিন সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে ডেকে নেয়। তারা নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখান থেকে টঙ্গীর মাজার বস্তিতে যায়। সেখান থেকে যায় তুরাগ নদীর পাড়ে। সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়েন। একজন নদীতে পড়ে যান। আর এ আসামি বাসায় চলে যায়। তার সহকর্মী বা বন্ধু যে নদীতে পড়ে গেছে, হারিয়ে গেছে, তার কি হয়েছে না হয়েছে এ বিষয়ে উৎকণ্ঠা দেখা যায়নি। বিষয়টি কাউকে জানায়ওনি। পরে তাকে হেফাজতে নেওয়া হয়। মামলায় সম্পৃক্ত থাকায় গ্রেপ্তার দেখিয়ে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে সে ভাসা ভাসা তথ্য দিয়েছে। পূর্ণাঙ্গ তথ্য জানার জন্য তাকে আবার সাত দিনের রিমান্ড প্রয়োজন।

তাহসিফের মৃত্যুর ঘটনার সঙ্গে অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থা জড়িত কি না প্রশ্ন তুলে আইনজীবী সুমন বলেন, আমরা এনায়েত করিম চৌধুরী, ভারতীয় নাগরিক রবিউলকে ইসলামকে গ্রেপ্তার করেছি। তাদের মোটিভ আর এই আসামিকে রিমান্ডে নেওয়ার পর মোটিভ একই মনে হচ্ছে। এ আসামি যেমন ভাসা, ভাসা তথ্য দিচ্ছে, তারাও একই রকমভাবে তথ্য দিয়েছিল। আমরা সন্দেহ করি, দেশি ও বিদেশি গোয়েন্দা সংস্থা পরিকল্পিতভাবে হত্যা করতে পারে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি দীপের আবার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেশত্যাগের ভিডিও ধারণকারী হিসেবে আলোচনায় থাকা তাহসিফ সাউরির ভাসমান লাশ গেল ২৮ অক্টোবর বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ পুলিশ। এ ঘটনায় ওই রাতেই দীপের বন্ধু স্থানীয় ছোট ভাই দীপকে গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার প্রথম দফায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে পাহাড় কাটার অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি সীমান্তে বিজিবি ও বিএসএফের সৌজন্য বৈঠক