নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ হওয়ার খবর দিয়েছে বিবিসি। গতকাল মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে এসে তিনি মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন বলে সংবাদমাধ্যমটি লিখেছে। বিবিসির সংবাদ অনুযায়ী, এদিন দিল্লির স্থানীয় সময় দুপুর ১টার দিকে বৈঠকটি হয়। দিল্লির একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর এবং দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়ে ঢাকার বর্তমান মনোভাব ঠিক কী, সেই বার্তা পৌঁছে দিতেই তার দিল্লিতে আসা। সোমবার রাতে দীনেশ ত্রিবেদী ঢাকা থেকে দিল্লিতে পৌঁছান। ত্রিবেদীর এই সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর মোদীর কার্যালয়ের তরফে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর বিডিনিউজের।











