ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাতের নিরাপত্তা চাই

| শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

আসছে শীতকাল, পর্যটনের জন্য সবার পছন্দের তালিকায় শীর্ষ। দূর–দূরান্তের মানুষ যখন কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের দক্ষিণ–পূর্বের জেলাসমূহকে আনন্দভ্রমণের জন্য বেছে নেন, তখন রাতের হাইওয়ের অন্যতম আতঙ্ক হয়ে ওঠে ডাকাতের দল। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে ডাকাতের ছবি ও ভিডিও পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই দেখা যায়। সমপ্রতি কুমিল্লার মাধাইয়া বাজার এলাকায় ডাকাতির অভিযোগসহ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করে। ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মতো একটি ব্যস্ত সড়কে রাতের বেলা এমন দৃশ্য মোটেও কাম্য নয়।

এই মহাসড়ক শুধু যাতায়াতের পথ নয়, দেশের পর্যটন ও অর্থনীতির প্রধান ধমনী। প্রতিদিন অসংখ্য পর্যটক, ব্যবসায়ী ও পণ্যবাহী যানবাহন এ পথ ধরে চলাচল করে। কিন্তু যানজটে গাড়ি থেমে থাকলে কিংবা নির্জন অংশে আলো কম থাকলে যাত্রীদের ঝুঁকি বেড়ে যায়। একবার নিরাপত্তার প্রশ্নে আস্থা নষ্ট হলে পর্যটকেরা ভ্রমণের পরিকল্পনা বদলাতে পারেন, যার ক্ষতি পড়ে পুরো দক্ষিণ–পূর্বাঞ্চলের পর্যটন খাতে। তাই প্রথমত, মাধাইয়া বাজারসহ স্পর্শকাতর স্থানগুলোতে নিয়মিত হাইওয়ে পুলিশের টহল বাড়ানো দরকার। দ্বিতীয়ত, ঝুঁকিপূর্ণ অংশে পর্যাপ্ত সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। তৃতীয়ত, পর্যটন মৌসুমে রাতের বেলা বিশেষ নজরদারি ও জরুরি সহায়তার হটলাইন চালু রাখা প্রয়োজন। নিরাপদ মহাসড়কই পর্যটনের প্রথম শর্ত। শীত মৌসুম শুরুর আগেই এসব পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নুসরাত তাবাসুম নাজিফা

শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধলালন সাঁই : মানবতাবাদী সাধক
পরবর্তী নিবন্ধশিল্পচর্চায় বেড়ে উঠুক শিশুরা