দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ২ হাজার ১০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এ নিয়ে ডেঙ্গুতে ৪৩৯ জনের প্রাণ গেল। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১ লাখ ৪০ হাজার ৯০৯ জনে। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯৪৩ জন, বরিশালে ২১৯ জন, চট্টগ্রামে ২৪৫ জন, খুলনায় ২৩৫ জন, ময়মনসিংহে ৬০, রাজশাহী ২১৯, রংপুরে ৬৫ জন এবং সিলেট বিভাগে ২৪ জন ভর্তি হন। এদিকে দেশে গত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; এর মধ্যে ৫ জনই ঢাকা বিভাগের। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও রোগটির উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬৩ জনের মৃত্যু হল।











