চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে যেভাবে কার্যক্রম করছেন এবং আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন, এটা আমরা যদি চেষ্টা করি, ইনশাআল্লাহ আমরা এখানে সফল হতে পারব। কিন্তু এটার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। গতকাল শুক্রবার রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছসেবী সংগঠন ‘বিডি ক্লিন’–এর ১২০ জন সদস্যের অংশগ্রহণে পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে শপথ বাক্য পাঠের মাধ্যমে এই পরিচ্ছন্নতা কার্যক্রমের সূচনা হয়। পরে স্বেচ্ছাসেবী সদস্যরা হাসপাতাল ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেন এবং হাসপাতালের চারপাশে বৃক্ষরোপণ করেন। এমপি হুমাম কাদের চৌধুরী ও তার সহধর্মিণী সামাঞ্জার খানের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুমাম কাদের চৌধুরী। এ সময় বিডি ক্লিনের কাজের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশের সেরা সন্তান এরা। যেভাবে তারা আন্তরিকভাবে আমাদের সহযোগিতা করে, এটার জন্য আমরা সবসময় তাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। রাঙ্গুনিয়ায় খাল খনন প্রকল্পে অনিয়ম প্রসঙ্গে তিনি বলেন, আপনারা জানেন যে, বাংলাদেশের মধ্যে যেই কাজই আপনি ধরেন না কেন, সবসময় আপনি দেখবেন যে কিছু কাজ হয়তো বাকি রয়ে যায়। এই কাজটা যদি কোনো ধরনের গাফিলতি আমরা খুঁজে পাই, এটা রি–টেন্ডার করা হবে এবং যাদের এক্সপেরিয়েন্স আছে, তাদেরকে টেন্ডার দিয়ে দেওয়া হবে। এটার তদন্ত চলছে। তিনি বলেন, অবৈধভাবে দখলে থাকা খাস জমি উদ্ধারে অভিযান চালানো হবে। সরকারের জমি সরকারকে বুঝিয়ে দেওয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের বিষয়ে তিনি জানান, দেশে যতগুলো ৫০ বেডের হাসপাতাল আছে, সবগুলোকেই ১০০ বেডে নিয়ে আসার চেষ্টা চলছে। আমরা অলরেডি কিছু প্রাইভেট অর্গানাইজেশনের সঙ্গে আলাপ–আলোচনা করেছি। তাদের থেকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য কিছু ফান্ডের ব্যবস্থা করছি। দুই সপ্তাহ আগে রাঙ্গুনিয়ার রোয়াজারহাট বাজার দিয়ে শস্যভাণ্ডার গুমাইবিল পর্যন্ত বয়ে চলা কুলকুরমাই খালেও বিডি ক্লিনের সহায়তায় প্রায় ৭০০ জন স্বেচ্ছাসেবীকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছিলেন হুমাম কাদের চৌধুরী। পরিচ্ছন্ন ও নান্দনিক রাঙ্গুনিয়া গড়ে তুলতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন।












