চট্টগ্রাম–১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের সুশৃঙ্খল জীবন গড়ার অন্যতম গুরুত্বপূর্ণ সময় হলো কলেজজীবন। কলেজে নিয়মিত পড়াশোনার পাশাপাশি মানবিক মূল্যবোধ ও নৈতিকতা শিখে শিক্ষার্থীরা। মাদক, ইভটিজিং ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে মনোযোগ দিয়ে পড়ালেখা করতে পারলেই সে একজন সৎ, দেশপ্রেমিক, দায়িত্বশীল আদর্শবান নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে। এসময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে কলেজের ছাত্রীদের জন্য একটি পিংক কালারের বাস উপহার দেয়ার ঘোষণা দেন। গত ২৪ সেপ্টেম্বর সকালে চন্দনাইশের ঐতিহ্যবাহী গাছবাড়িয়া সরকারি কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোছাইনের সভাপতিত্বে এবং গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌমেন বড়ুয়া এবং প্রভাষক খুরশিদ জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম সওদাগর, জেলা যুবদল নেতা সিরাজুল ইসলাম, মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ। নবাগত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন জান্নাতুল মাওয়া। শুরুতে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এসময় নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের পদচারণায় পুরো কলেজ ক্যাম্পাস মুখরিত হয়ে ওঠে। উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাস জুড়ে।












