রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলায় ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড (ডিএনএ) টেস্ট সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আজ রোববার আদালতে এ মামলার চার্জশিট দাখিল করা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ–পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান বলেন, ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে। খবর বাংলানিউজের।
গত বুধবার (২০ মে) মামলার গ্রেপ্তার আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন। এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসা আক্তারের লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্তে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলামত পাওয়া যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে বিডিনিউজ জানায় : রামিসা আক্তার হত্যার বিচার দ্রুত শেষ করার লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) নিযুক্ত করা হয়েছে। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইনজীবী আজিজুর রহমান দুলুকে বিশেষ পিপি হিসেবে দায়িত্ব দিয়ে আদেশ জারি করেছে।











