ডবলমুরিংয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রস্তুতি, ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৬

আজাদী প্রতিবেদন | বুধবার , ১২ আগস্ট, ২০২৬ at ১০:৪৯ পূর্বাহ্ণ

নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলি এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় আজিজ বোর্ডিংয়ের পাশে বড়ুয়া পাড়াগামী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ–সম্পাদক মো. আসাদ রায়হানের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গ–সংগঠনের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী মিছিল করার উদ্দেশ্যে জড়ো হচ্ছেন–এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে মিছিলের মূল নেতৃত্বে থাকা মো. আসাদ রায়হান (৩৪) সহ ছয়জনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্যরা হলেন সদরঘাট থানা তাঁতী লীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী, ২৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মোহাম্মদ খায়ের (২৮), মো. জুয়েল, মোহাম্মদ তুষার ও মোহাম্মদ কায়সার আহমেদ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানানো হয়েছে। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় গতকাল একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধনতুন করে আরও ৪১ জন ডেঙ্গু আক্রান্ত
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় ইয়াবা, গাঁজা ও মদসহ ৯ জন গ্রেপ্তার