টেকনাফে শাশুড়িকে কুপিয়ে হত্যা, পুত্রবধূ আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৩১ জানুয়ারি, ২০২৬ at ৫:০৯ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে নামাজরত শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পুত্রবধূ আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার আছরের নামাজের সময় উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা পূর্বপাড়া নতুন মসজিদের উত্তর পাশে এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম ওই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের জাহাজপুরা এলাকার বাসিন্দা মো. রফিকের স্ত্রী। অপর দিকে, অভিযুক্ত গৃহবধূ ছেনোয়ারা বেগম নিহতের ছেলে মো. ইদ্রিসের স্ত্রী।

নিহতের ছেলে মো. ইদ্রিস জানান, প্রতিদিনের মতো শুক্রবার দুপুরে তিনি সাগরে মাছ ধরতে যান। এ সুযোগে তার স্ত্রী ছেনোয়ারা বেগম নামাজরত শাশুড়িকে দা দিয়ে গলায় কোপ দেন। ঘটনার পর ব্যবহৃত দাটি ঘরের চালের ওপর ছুড়ে ফেলে পালানোর চেষ্টা করেন তিনি। পরে স্থানীয়দের সন্দেহ হলে ছেনোয়ারা বেগমকে আটক করা হয়। একপর্যায়ে তিনি শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যার কথা স্বীকার করলে পুলিশে খবর দেওয়া হয়।

প্রতিবেশীরা জানান, ঘটনার পাঁচ দিন আগে তুচ্ছ একটি বিষয় নিয়ে শাশুড়ি ও পুত্রবধূর মধ্যে কথা কাটাকাটি হয়। এতে ক্ষুব্ধ হয়ে ছেনোয়ারা বেগম বাপের বাড়ি চলে যান। পরে গত বৃহস্পতিবার তিনি স্বামীর বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক আচরণ করেন। শুক্রবার স্বামীর অনুপস্থিতির সুযোগে তিনি এই হামলা চালান।

প্রতিবেশীরা আরও জানান, পরে গুরুতর আহত শাশুড়ির গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্ত ছেনোয়ারা বেগমকে আটক করেছে। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুর্জয় বিশ্বাস বলেন, ঘটনার সত্যতা পাওয়া গেছে। আটক আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধখনন যন্ত্রের থাবায় নিধন হচ্ছে শত শত গাছ
পরবর্তী নিবন্ধড. জ্ঞানশ্রী মহাস্থবির ছিলেন মানবিক মানুষ