টেকনাফে চার যুবককে অপহরণ পাহাড়ে মিলল দুজনের মরদেহ

‘ইয়াবা আত্মসাতের অভিযোগে নির্যাতন’

কক্সবাজার প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ নভেম্বর, ২০২৬ at ৬:২০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকা থেকে অপহৃত দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। গতকাল গতকাল বুধবার দুপুরে টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালী ও লেচুয়াপ্রাং পেয়ারা বাগানসংলগ্ন পাহাড়ি এলাকা থেকে মরদেহ দুটি ও আহত দুজনকে উদ্ধার করা হয়।

নিহত দুজন হলেন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের দৈংগ্যাকাটা এলাকার মোক্তার আহমেদ ও তুলাতুলি গ্রামের মোহাম্মদ আকবর। জীবিত উদ্ধার হওয়া দুজন হলেন একই ইউনিয়নের তুলাতুলি গ্রামের মো. ইলিয়াস ও দৈংগ্যাকাটা গ্রামের আলী আহমদ। ইয়াবা আত্মসাতের অভিযোগে তাদের অপহরণ ও নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন উদ্ধার হওয়া একজন।

স্থানীয়রা জানান, গতকাল সকালে পানখালী বন বিট কার্যালয়ের পাশে কয়েকজনকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাদের উদ্ধারে গিয়ে মোক্তার আহমেদকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় আহত অবস্থায় ইলিয়াস ও আলী আহমদকে উদ্ধার করা হয়। পরে পাহাড়ি এলাকার পাশে লেচুয়াপ্রাংয়ের একটি পেয়ারা বাগান থেকে মোহাম্মদ আকবরের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া আহত ইলিয়াসের দাবি, চেকপোস্টের কারণে ইয়াবার চালান পাচার করতে না পেরে মাদক কারবারিরা তাদের চারজনকে দিয়ে টেকনাফের হোয়াইক্যংয়ের দৈংগ্যাকাটা পাহাড়ি এলাকা দিয়ে ইয়াবা পাচারের দায়িত্ব দেয়। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা ডাকাত দলের হাতে পড়ে যায়। পরে বাকি ৭০ হাজার পিস ইয়াবা হোয়াইক্যংয়ের তুলাতুলি এলাকার বাসিন্দা মিজানের কাছে ফেরত দেওয়া হয়। ইলিয়াস আরও জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোয়াইক্যংয়ের তুলাতুলি এলাকার আব্দুল্লাহর ছেলে মিজানসহ কয়েকজন তাদের চারজনকে বিচারের কথা বলে গত সোমবার রাতে হ্নীলার একটি দলের হাতে তুলে দেন। পরে তাদের পাহাড়ি এলাকায় নিয়ে ইয়াবা আত্মসাতের অভিযোগে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে নির্যাতনের শিকার হয়ে মোক্তার আহমেদ ও মোহাম্মদ আকবরের মৃত্যু হয়।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সময় ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আরও দুজনকে উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ও জড়িতদের গ্রেপ্তার অভিযান চলছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ডেঙ্গুতে তিনজন এবং হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু