টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

মিশরে মাদক মামলা

| সোমবার , ৭ সেপ্টেম্বর, ২০২৬ at ১১:১২ পূর্বাহ্ণ

মিশরে এক নারী টেলিভিশন উপস্থাপকসহ ১২ জনকে মাদক মামলায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি অপরাধী চক্রের সদস্য। তারা বিদেশ থেকে মাদক তৈরির কাঁচামাল এনে বিক্রি করতেন। খবর বিডিনিউজের।

তাদের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদও পাওয়া গেছে। বিবিসি লিখেছে, সারাহ খলিফা নামের ৩৯ বছর বয়সী ওই টিভি উপস্থাপক অপরাধ বিষয়ক অনুষ্ঠান মিশন ইম্পসিবল এর জন্য মিশরে সুপরিচিত। মামলায় আনা অভিযোগ তিনি অস্বীকার করেছেন। মিশরে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে গ্র্যান্ড মুফতির কাছ থেকে ধর্মীয় মতামত নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সেই প্রক্রিয়া শুরু হলে রায়ের বিষয়টি প্রকাশ্যে আসে। গত মাসে দেওয়া ওই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আলআহরাম লিখেছে, আইনশৃঙ্খলা বাহিনী ওই চক্রের কাছ থেকে ৭৫০ কেজির বেশি মাদক ও মাদক তৈরির কাঁচামাল জব্দ করেছে বলে মামলার শুনানিতে আদালতকে জানানো হয়। মামলায় ২০ জন সাক্ষী প্রসিকিউশনের কাছে বক্তব্য দিয়েছেন। এ ছাড়া আসামিদের কথোপকথন ও ভিডিওসহ বিভিন্ন ইলেকট্রনিক প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদপত্র আখবার আলইউমের প্রতিবেদনে বলা হয়, গত বছরের সেপ্টেম্বরে আদালতে জিজ্ঞাসাবাদের সময় সারাহ খলিফা দাবি করেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে ছবি তোলার আগে তিনি কখনো কোনো মাদক দেখেননি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৭.৩০ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইরানে সড়ক দুর্ঘটনার পর জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ১০