জ্বালানি তেলে মূল্য বৃদ্ধিকে অযৌক্তিক ও গণবিরোধী বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি–এনসিপি, চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ। তারা অবিলম্বে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে। যদি দ্রুত এই জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত বাতিল করা না হয়, তাহলে চট্টগ্রামের আপামর জনতাকে সাথে নিয়ে রাজপথে লাগাতার ও দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে এনসিপি। জনগণের অধিকার আদায়ের এই লড়াইয়ে কোনো আপস করা হবে না। জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে এবং সাধারণ মানুষের ওপর নেমে আসা অর্থনৈতিক চাপ মোকাবিলার দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর এনসিপি–এর উদ্যোগে জামালখানসস্থ চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা। জামালখান প্রেসক্লাব থেকে শুরু হয়ে মিছিলটি জামাল খান মোড় প্রদক্ষিণ করে চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন নগর এনসিপি’র আহ্বায়ক মীর মোহাম্মদ শোয়াইব। চট্টগ্রাম মহানগর এনসিপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিদুয়ান হৃদয় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর এনসিপির সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমদ চৌধুরী, জসিম উদ্দিন ওপেল ও শেখ মোহাম্মদ সাজ্জাদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হুজ্জাতুল্লাহ বিন ফারুক, যুগ্ম সদস্য সচিব আজগর আলী আশিক, সাংগঠনিক সম্পাদক জোবাইর হোসেন, ইঞ্জিনিয়ার শাহেদ ইকবাল চৌধুরী ও ডা. মোহাম্মদ খান ও সহ–সাংগঠনিক সম্পাদক সাদমানুর রহমান চৌধুরী। বক্তারা বলেন, সাধারণ মানুষের পকেট কেটে অব্যবস্থাপনা ও লুটপাটের দায় চাপানোর নীতি দেশের জনগণ আর মেনে নেবে না। জ্বালানি তেলের দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে শুরু করে পরিবহন ও কৃষিখাতে যে চরম সংকট তৈরি হয়েছে, তার দায়ভার সরকারকেই নিতে হবে।













