আগামী ১৩ জুন ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিতব্য বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী, হালিশহর থানার উদ্যোগে লিফলেট বিতরণ, গণসংযোগ ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার রাত ৯টায় নয়াবাজার কাঁচা বাজার এলাকায় সমাবেশের পক্ষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে গণসংযোগটি নয়াবাজার কাঁচা বাজার থেকে শুরু হয়ে নয়াবাজার বিশ্বরোড মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে গণভোটে বিপুল সংখ্যক জনগণের রায়কে উপেক্ষা করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জুলাই সনদকে পাশ কাটিয়ে নতুন করে কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির সঙ্গে জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে। জনগণের কষ্ট লাঘবে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, ১৩ জুনের বিভাগীয় সমাবেশ জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের গুরুত্বপূর্ণ মাইলফলক হবে। হালিশহর থানা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন হালিশহর থানা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল হক, ধোপাপাড়া সাংগঠনিক ওয়ার্ড জামায়াতের সভাপতি জাকির হোসেন, এটিএম শফিকুল মাওলা শোভন, বাহার উদ্দিন, মাকসুদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












