জীবনকে সবসময় ইতিবাচকভাবেই দেখতে হবে

আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে এম এ মালেক

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৬:০৫ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক বলেছেন, জীবনকে সবসময় ইতিবাচকভাবেই দেখতে হবে, নেতিবাচক চিন্তাধারা পরিহার করতে হবে। গতকাল নগরীর বাহির সিগন্যাল এলাকার সিকো এরিনা’য় আয়োজিত আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এম এ মালেক বলেন, জগতে কোনো কিছুই অসম্ভব নয়, চেষ্টা করলে সবকিছুই করা সম্ভব। যত কঠিন সিচুয়েশন, যত দুঃখকষ্ট, যত বাধাকোনো কিছুতেই হাল ছাড়া যাবে না। ধৈর্য ও পরিশ্রমের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলেও বক্তব্যে উল্লেখ করেন এম এ মালেক। আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল এ কে এম আসাদ উল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের সাবেক অধ্যক্ষ ও উপদেষ্টা কর্নেল মোহাম্মদ কাসেম (পিএসসি, অবসরপ্রাপ্ত), স্কুলটির চেয়ারম্যান হাজী আবু বকর, পরিচালক শফিউল আজম ও একাডেমিক ডিরেক্টর সালমা আবু বকর।

এম এ মালেক তার বক্তব্যে বলেন, আমাদের পাড়াপ্রতিবেশী, যে সমাজে বাস করি, তারা যদি বলে, ‘না, এই লোকটা একটু ভালো ছিল।’ সেটি কিন্তু আমাদের সবচেয়ে বড় পাওনা হবে। এইটুকু আমরা যদি সম্পন্ন করতে না পারি, তাহলে কিছু একটা আমাদের অভাব থাকবে। এই লোকটা ভালো ছিল, তার পাওনা সে পেয়েছে। সুতরাং আমরা কী করবো? আমরা আমাদের আশেপাশে যারা আমাদের চেয়েও বেশি বঞ্চিত, যারা আমাদের চেয়েও বেশি অসহায়, তাদের সাহায্য করার চেষ্টা করবো।

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আজকের (গতকাল) অনুষ্ঠান আমাদের কোমলমতি শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কেজি শ্রেণির শিক্ষার্থীরা আজ কী স্টেজ১ এ এবং ইয়ার২ এর শিক্ষার্থীরা কী স্টেজ২ এ পদার্পণ করছে। এই অর্জন তাদের অধ্যবসায়, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের অব্যাহত সহযোগিতার ফল।

কর্তৃপক্ষ জানায়, আল হেকমাহ ইন্টারন্যাশনাল স্কুল একটি ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ, নৈতিকতা এবং উত্তম চরিত্র গঠনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমাদের লক্ষ্য শুধু শিক্ষার্থীদের একাডেমিকভাবে দক্ষ করে তোলা নয়; বরং কুরআন ও সুন্নাহর আলোকে আদর্শ, দায়িত্বশীল এবং মানবিক মুসলিম হিসেবে গড়ে তোলা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ড্যাবের খাবার ও ওষুধ বিতরণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশের ভালোবাসায় স্কালোনির ভালো লাগা