চট্টগ্রাম ওয়াসার নবনিযুক্ত চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া দায়িত্ব গ্রহণের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন। গতকাল শনিবার সকালে পার্বত্য ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনকে সাথে নিয়ে রাজধানীর জিয়া উদ্যানে যান তিনি। এ সময় তারা প্রয়াত রাষ্ট্রপতি ও সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় সাথে ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম নেছার, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম সুমন, সাফায়ত হোসেন চুক্কু, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুর আলম তালুকদার মঞ্জু ও সদস্য সচিব জমির উদ্দিন মানিক।
মাজার জিয়ারত শেষে ইদ্রিস মিয়া বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর একটি গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠান। দায়িত্ব পালনে তিনি স্বচ্ছতা, জবাবদিহি ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে চান। নগরবাসীর নিরাপদ পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন এবং ওয়াসার সেবার মান বাড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তিনি বলেন, চট্টগ্রামবাসীর প্রত্যাশা অনেক। এই দায়িত্বকে আমি জনগণের সেবা করার একটি সুযোগ হিসেবে দেখছি। ওয়াসার সেবায় যেখানে সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এ সময় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, মানুষের কল্যাণ ও জনসেবা নিশ্চিত করাই রাষ্ট্রের মূল দায়িত্ব। নতুন দায়িত্বে ইদ্রিস মিয়া চট্টগ্রাম ওয়াসাকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। মীর হেলাল বলেন, চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী। এ নগরের পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাকে আধুনিক ও টেকসই করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। এ ক্ষেত্রে নতুন ওয়াসা চেয়ারম্যানের নেতৃত্বে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, মো. ইদ্রিস মিয়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।













