জাল নোট উদ্ধারের মামলায় চট্টগ্রামে দুইজনের যাবজ্জীবন

| শুক্রবার , ২১ আগস্ট, ২০২৬ at ৬:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ২০১৫ সালে সাড়ে ছয় লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তারের মামলায় দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলি এ রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে ৪৮ বছর বয়সী রাজীব ধর কক্সবাজার জেলার চকরিয়া থানার দিগরপাল খালী গ্রামের মনোরঞ্জন ধরের ছেলে। অন্যজন ৩৭ বছর বয়সী মো. জসীম পটিয়া থানার দক্ষিণ খোলাইন গ্রামের মৃত আহম্মদ নবীর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী নাঈম হোসেন বলেন, দুই আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় করা অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজারটাকা করে জরিমানা, অনাদায়ে তিন মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। দুই আসামিই জামিন নিয়ে পলাতক। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। খবর বিডিনিউজের।

মামলার নথিতে থাকা তথ্য অনুযায়ী, ২০১৫ সালের ২৮ মে র‌্যাব৭ এর সদস্যরা নগরীর বায়েজিদ বোস্তামী থানার আমিন জুট মিলের মূল ফটকের বিপরীত পাশে একটি রেস্টুরেন্ট থেকে রাজীব ও জসিমকে আটক করে। সেদিন তাদের কাছ থেকে ৬ লাখ টাকা ৫০ হাজার টাকা মূল্যের এক হাজার ও পাঁচশ টাকার জাল নোট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই স্বীকার করে, দীর্ঘদিন ধরে তারা জাল নোটের ব্যবসা করে আসছিল।

এ ঘটনায় র‌্যাব৭ এর সে সময়ের ডিএডি মো. শহীদুল্লাহ বায়েজীদ বোস্তামি থানায় মামলা করেন। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারার ওই মামলায় ২০১৭ সালের ১ মার্চ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হল।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ওএসডি, নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর
পরবর্তী নিবন্ধপীর আল্লামা সাবির শাহকে শাহজালাল বিমানবন্দরে বরণ