জার্মানিতে জেন-জি নেতৃত্বাধীন বিক্ষোভ থেকে সহিংসতা, লুটপাট

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১০:৩৫ পূর্বাহ্ণ

জীবনযাত্রার ব্যয় কমানো এবং উন্নত শিক্ষার দাবিতে শনিবার জার্মানির বড় শহরগুলোতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ দিন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। প্রতিবাদ থেকে সহিংসতা ও লুটপাটের মতো ঘটনাও ঘটেছে। রাতে ফ্রাংকফুট শহরে হুডি পরা দাঙ্গাকারীরা দোকানপাটে লুটপাট চালায়। খবর বিডিনিউজের।

চলতি বছর ইউরোপজুড়ে দেখা দেওয়া জেন–জি নেতৃত্বাধীন বিক্ষোভের ঢেউ এবার জার্মানিতেও ছড়িয়েছে। সার্বিয়ায় শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলন ভোটের মাধ্যমে দেশটির দীর্ঘদিনের শাসককে ক্ষমতাচ্যুত করতে সাহায্য করেছে। অন্যদিকে ফ্রান্সে জীবনমানে অসন্তুষ্ট তরুণ ও নাগরিকদের বিক্ষোভ দাঙ্গা ও লুটপাটে রূপ নিয়েছে।

জার্মানিতে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ‘জেন–জি রেগেল্ট’ নামের একটি গোষ্ঠী। জার্মান ভাষায় ‘জেন–জি রেগেল্ট’ এর অর্থ ‘জেন জি দায়িত্ব নিচ্ছে’। বার্লিন, ফ্রাংকফুট ও মিউনিখসহ দেশটির ৩৪টি শহরে বিক্ষোভ হয়। ‘জেন–জি রেগেল্ট’ জানিয়েছে, তারা বাধ্যতামূলক সামরিক পরিষেবার বিরোধিতা করে এবং শিক্ষাক্ষেত্রে আরও বেশি বিনিয়োগ চায়, যেহেতু অনেক জার্মান তরুণ ক্রমবর্ধমান ব্যয়ের কারণে হিমশিম খাচ্ছে।

রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিকের তথ্য অনুযায়ী, জার্মানির আর্থিক কেন্দ্র ফ্রাংকফুটে প্রতিবাদকারীরা সহিংস হয়ে ওঠার পর অন্তত দুটি দোকান লুট হয়, আরও বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

এক্সে ফ্রাংকফুট পুলিশ বলেছে, ‘সহিংস বিশৃঙ্খলা চলছে। নগরীর কেন্দ্রস্থলে বেশ কয়েকটি দোকানের জানালা ভেঙে ফেলা হয়েছে। জরুরি পরিষেবার দিকে মলোটোভ ককটেলও ছোড়া হয়েছে। আমরা সব পথচারীকে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলতে অথবা এলাকাটি ত্যাগ করার আহ্বান জানাচ্ছি।’ বিভিন্ন শহরে প্রতিবাদ মিছিলগুলোতে সংগঠকদের প্রাথমিকভাবে আশা করা ১ লাখ ৮২ হাজারেরও কম মানুষ অংশ নিয়েছে বলে সরকারি ভাষ্যে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজ্ঞানেশ জেলে যাবেন, মোদী-শাহ পালাতে পারবেন না
পরবর্তী নিবন্ধশাহ আমানত বিমানবন্দরে প্রথমবারের মতো আইসিএওর নিরাপত্তা অডিট