জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে ২–০ গোলে হেরে গেছে বাংলাদেশ দল। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায় এবার স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। চতুর্থ কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়া দলের বিপক্ষে আগামী শনিবার স্থান নির্ধারণী ম্যাচ খেলবে লাল–সবুজ জার্সিধারীরা। চতুর্থ কোয়ার্টার ফাইনালে লড়বে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। চীনের হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত ম্যাচের ২৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে হিরাই ইয়োশিনো গোল করে জাপানকে ১–০ ব্যবধানে এগিয়ে দেন। ৪৭ মিনিটে ফিল্ড গোল থেকে জাপানকে ২–০ ব্যবধানে এগিয়ে দেন সুজুকি মোমোকা। শেষ পর্যন্ত এই স্কোরলাইন ধরে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। চ্যালেঞ্জার পুল থেকে চার ম্যাচের সবগুলোতে জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৭–০, পাকিস্তানকে ৫–১, কাজাখস্তানকে ৪–০ এবং হংকংকে ৬–০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এই নিয়ে দ্বিতীয়বারের মতো জুনিয়র এশিয়া কাপে খেলছে বাংলাদেশ নারী দল। এর আগে ২০২৩ সালে অংশ নিয়েছিল তারা। ওই আসরে নবম স্থানে থেকে অভিযান শেষ করে বাংলাদেশ।











