সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক দুষ্কৃতকারী ছুরি দিয়ে ট্রেনের পরিচালক (গার্ড) ও জিআরপি পুলিশের এক সদস্যের উপর হামলা চালিয়েছে। এতে জিআরপি পুলিশ সদস্য বিমল চন্দ্র দাস এবং ট্রেন পরিচালক (গার্ড) আহত হন। গতকাল মঙ্গলবার এই ঘটনা ঘটে।
জিআরপি পুলিশ জানায়, কুমিল্লা স্টেশন থেকে ট্রেনটি চট্টগ্রামের দিকে ছাড়ার পর ক্যারেজ এটেনডেন্ট মো. সাইফুল ইসলাম গার্ডকে জানান, কেবিন কোচের আশপাশে এক ব্যক্তি ছুরি সদৃশ একটি বস্তু নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছেন। তার গতিবিধি বিপজ্জনক মনে হওয়ায় গার্ডের সহযোগিতা চান তিনি।
পরে গার্ড ট্রেনে দায়িত্ব পালনরত জিআরপি সদস্য বিমল চন্দ্র দাস ও হারুনুর রশিদকে সঙ্গে নিয়ে সামনের দিকে অগ্রসর হন। ট্রেনটি লাকসাম স্টেশনে পৌঁছানোর আগে তারা ওই এলাকায় গেলে সন্দেহভাজন ব্যক্তি টয়লেটের ভেতরে লুকিয়ে পড়েন। কিছুক্ষণ অপেক্ষার পর ওই ব্যক্তি টয়লেট থেকে বের হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে গার্ড ও জিআরপি সদস্যদের ওপর হামলা চালান। এতে জিআরপি পুলিশ সদস্য বিমল চন্দ্র দাস এবং ট্রেন পরিচালক (গার্ড) আহত হন।
পরে ধস্তাধস্তির একপর্যায়ে ওই দুষ্কৃতকারীকে আটক করতে সক্ষম হন তারা। এ সময় তার হাতে থাকা ছুরিটি পড়ে যায়। ঘটনার পর ট্রেন পরিচালক মোবাইলে বিষয়টি পাহাড়তলী কন্ট্রোলে জানান। পরে আটক ব্যক্তিকে চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে। তবে হামলাকারীর নাম–ঠিকানা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানার ডিউটি কর্মকর্তা।












