প্রথমবারের মতো বাংলাদেশ ফুটবল লিগে খেলা আগেই নিশ্চিত করেছিল চট্টগ্রাম সিটি এফসি। দলটির লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া। সোমবার সেই লক্ষ্যও পূরণ করেছে প্রথমবারে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ খেলতে আসা চট্টলার দলটি। বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে ওয়ারি ক্লাবকে ১–০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে তারা। ১৬ ম্যাচে চট্টগ্রাম সিটি এফসির পয়েন্ট ৩৯। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে দুটি দল উঠেছে বাংলাদেশ ফুটবল লিগে। চট্টগ্রাম সিটি এফসির চ্যাম্পিয়ন হওয়ার দিনে রানার্সআপ নিশ্চিত করে বাংলাদেশ ফুটবল লিগে নাম লিখিয়েছে সিটি ক্লাব। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল নিশ্চি হওয়ার পর চ্যাম্পিয়নশিপ লিগের বাকি ম্যাচগুলো শুধুই আনুষ্ঠানিকতা। চট্টগ্রাম আবাহনীর অবনমন নিশ্চিত হয়েছে। ওয়ারি ক্লাব ও লিটল ফ্রেন্ডসের মধ্যে অবনমন এড়ানোর লড়াইটা রয়ে গেছে।












