মহেশখালীর শাপলাপুরে চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রহমত উল্লাহ ও শাবনূর নামে এক নারীকে আটক করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় মিঠাছড়ি ও মৌলভীকাটা এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট মহেশখালী এলাকার রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে শাপলাপুর ইউনিয়নের বিভিন্ন দোকান ও বাড়িঘর থেকে চুরি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাতে স্থানীয় লোকজন তাকে মিঠাছড়ি এলাকায় আটক করে প্রথমে ইউনিয়ন পরিষদের চৌকিদারের কাছে এবং পরে পুলিশের কাছে সোপর্দ করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ জানান, চুরি করা বিভিন্ন মালামাল মিঠাছড়ি এলাকার নমি উদ্দিন, মঈনা ও শাবনূরের কাছে জমা রাখতেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় মিঠাছড়ি এলাকায় অভিযান চালায় মহেশখালী থানার পুলিশ। অভিযানের একপর্যায়ে মোতাহেরা নামে এক নারীর বাড়ি থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ সময় রহমত উল্লাহ ও শাবনূর নামে এক নারীকে আটক করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সুলতান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রহমত উল্লাহ চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি চুরি করা মালামাল বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করতেন এবং সেই অর্থ মাদক সেবনে ব্যয় করতেন বলে পুলিশকে জানিয়েছেন।
ওসি আরও জানান, রহমত উল্লাহর দেওয়া তথ্যের ভিত্তিতে মিঠাছড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের বিষয়ে আরও তদন্ত চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












