আর্জেন্টিনা বিশ্বকাপে খেলতে নামা মানেই পাহাড় প্রমাণ চাপ। গত বার কাতারে সবচেয়ে বেশি আর্জেন্টিনার সমর্থক খেলা দেখতে গিয়েছিলেন। এবারও সেই ছবি দেখা যেতে পারে। গত বারের চ্যাম্পিয়ন হওয়ায় বাকি সব দলের থেকে আর্জেন্টিনার উপর প্রত্যাশার চাপ অনেক বেশি থাকবে। তবে বিশ্বকাপের চাপ কীভাবে সামলাতে হয় তা ভালোভাবে জানে তারা। বাকিদের তুলনায় মানসিকভাবে এগিয়ে নামবে স্কালোনির দল।
আটবারের ব্যালন ডি’অরজয়ী মেসি, যিনি ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, সমপ্রতি পেশির ক্লান্তিতে ভুগছেন। বিশ্বকাপের প্রস্তুতি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে আর্জেন্টিনা দলের প্রথম পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেননি লিওনেল মেসি। তবে দলের প্রথম ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন বলেই আশা করা হচ্ছে। মঙ্গলবার তিনি হালকা অনুশীলন করেছেন, কিন্তু দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, যেসব খেলোয়াড় ছোটখাটো চোট বা শারীরিক সমস্যায় ভুগছেন, তারা ফিজিওথেরাপি দলের তত্ত্বাবধানে মাঠে বিশেষ অনুশীলন চালিয়ে যাচ্ছেন এবং তাদের অবস্থার উন্নতি হচ্ছে। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, মিডফিল্ডার নিকো পাস এবং থিয়াগো আলমাদাসহ আরও কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারও ছোটখাটো চোট ও শারীরিক সমস্যায় ভুগছেন। বিশ্বকাপ শুরু হতে আর বাকি আট দিন। মেসির উপরেই গোটা দল নির্ভর করে। গত বার একটি ম্যাচ বাদে বাকি সব ম্যাচে গোল করেছিলেন তিনি। ফাইনালে টাইব্রেকারের আগে দলের তিনটি গোলের মধ্যে দু’টিই তার পা থেকে এসেছিল। মেসির বিকল্প এখনও তৈরি করতে পারেনি আর্জেন্টিনা। বিশ্বকাপে মেসির গোলসংখ্যা বর্তমানে ১৩। জার্মানির সাবেক তারকা মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের সর্বকালের রেকর্ড স্পর্শ করতে তার আর মাত্র ৩টি গোল দরকার। দেশের হয়ে তিনি ইতোমধ্যে ১৯৮টি ম্যাচ খেলেছেন।
ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার সম্ভাবনা ১০ দশমিক ৪ শতাংশ। এই হিসাবে তারা টুর্নামেন্টের চতুর্থ শীর্ষ দাবিদার। তাদের আগে রয়েছে স্পেন (১৬ দশমিক ১ শতাংশ), ফ্রান্স (১৩ শতাংশ) এবং ইংল্যান্ড (১১ দশমিক ২ শতাংশ)।
বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা খেলবে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে। এরপর ১৬ জুন গ্রুপ ‘জে’–এর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে আলজেরিয়া। পরে তারা অস্ট্রিয়া ও জর্ডানের মুখোমুখি হবে।












