খুরশীদ আলমকে চেয়ারম্যান বানানোর পরেই ইসলামী ব্যাংককে অস্থিতিশীল করার চেষ্টা শুরু হয় বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। গতকাল শুক্রবার বিকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে গভর্নর এ প্রসঙ্গে কথা বলেন।
ওই সাংবাদিক সংবাদ সম্মেলনে উপস্থিত অর্থমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, তারল্য সংকটের জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ইসলামী ব্যাংক ১০ হাজার কোটি টাকা চেয়েছে। এ অবস্থায় ইসলামী ব্যাংককে আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব এটার উত্তর দিলে ভালো হবে। গভর্নর সাহেব আছেন তো এখানে, গভর্নর সাহেব রেসপন্স করবেন। খবর বিডিনিউজের।
তখন গভর্নর প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রথমে অর্থমন্ত্রীর কাছ থেকে ‘একটু সময়’ চেয়ে নেন। এরপর তিনি গভর্নরের দায়িত্ব নেওয়ার সময় থেকে, অর্থাৎ ২০২৫ সালের অগাস্ট থেকে ইসলামী ব্যাংকের নেতৃত্বে পরিবর্তন আসার নানা ঘটনা তুলে ধরেন। কোন প্রেক্ষাপটে খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে বসানো হয়, সে বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন গভর্নর। শরিয়াহভিত্তিক ব্যাংকটিতে নতুন করে যে অস্থিতিশীলতা শুরু হয়, তার সূত্রপাত ঘটে মূলত খুরশিদ আলমকে দায়িত্ব দেওয়া নিয়েই।












