চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অবশেষে পয়েন্টের দেখা পেয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত লড়াই করে শক্তিশালী চীনের সঙ্গে ১–১ গোলে ড্র করেছে বাংলাদেশ জাতীয় হকি দল। এর আগে গ্রুপ পর্বের প্রথম চার ম্যাচে ভারত, জাপান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। হতাশাজনক সেই পরাজয়ের পর ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। গ্রুপে শেষ ম্যাচে নিজেদের সেরা পারফরম্যান্স দেখিয়ে মূল্যবান এক পয়েন্ট আদায় করে নেয় দলটি। প্রথম কোয়ার্টারেই গোল করে এগিয়ে যায় চীন। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ। পুরো মাঠজুড়ে লড়াই চালিয়ে যায় তারা। তৃতীয় কোয়ার্টারে সমতায় ফেরার সুযোগ পায় বাংলাদেশ। এ সময় একটি গুরুত্বপূর্ণ পেনাল্টি স্ট্রোক আদায় করে দলটি। অধিনায়ক আশরাফুল ইসলাম ঠান্ডা মাথায় স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান। এরপর শেষ বাঁশি বাজা পর্যন্ত দৃঢ়তা ধরে রেখে ড্র নিশ্চিত করে বাংলাদেশ।










