চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলে গত শুক্রবারের ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া আরও ৫০ জনের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। তবে ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর বার্তা সংস্থা এএফপি’র। খবর বাসসের। গত শুক্রবার চীনের চংছিং শহরের পেংশুই কাউন্টিতে এ ভূমিধসের ঘটনা ঘটে। ভূমিধসে পাহাড়ের পাদদেশ ও নদীর তীরবর্তী এলাকায় থাকা কয়েকটি আবাসিক ভবন ধসে পড়ে। ঘটনাস্থলে শত শত উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিশাল আকারের পাথর ও মাটির স্তূপ ধসে একটি আবাসিক ও বাণিজ্যিক সড়ক ঢেকে গেছে।












