টিএনটি তার চুরি করে পালানোর সময় ধরা, ১২৫ কেজি তার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর, ২০২৬ at ৪:০৯ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও সিএনবি এলাকায় বিটিসিএলের (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড) টিএনটি লাইনের তার চুরির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় ১২৫ কেজি চুরি যাওয়া তার উদ্ধার করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানা-পুলিশের একটি বিশেষ দল পুরাতন চান্দগাঁও সিএনবি এলাকায় অভিযান চালায়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীমউদ্দীনের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) শাহ নেওয়াজের নেতৃত্বে দলটি অভিযান পরিচালনা করে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা সিএনজি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের ধাওয়ার মধ্যে সিএনজিটির সামনের কাচ ভেঙে যায়। পরে পুলিশ গাড়িটি আটক করে। তবে গাড়িতে থাকা আরও দুজন পালিয়ে যেতে সক্ষম হন। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র সিএমপির বিভিন্ন এলাকায় বিটিসিএলের মূল লাইনের তার কেটে নিয়ে যাচ্ছে। এতে সরকারি সম্পদের অনেক ক্ষতি হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য