চাকরির টাকা ফেরত চাওয়ায় তরুণকে ছুরিকাঘাত

কর্ণফুলী প্রতিনিধি | মঙ্গলবার , ১৪ এপ্রিল, ২০২৬ at ৫:৩২ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে বড়উঠানে চাকরির প্রলোভনে টাকা নেওয়ার পর তা ফেরত চাইতে গেলে মো. সোহেল প্রকাশ রাব্বি (২০) নামে এক তরুণকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের মিয়ারহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত রাব্বি বড়উঠান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পশ্চিম ডাকপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত মো. রাশেদ একই ওয়ার্ডের কালা ফকিরের বাড়ির আবদুস ছবুরের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ৮ মাস আগে কোরিয়ান কেপিজেড গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সোহেলের কাছ থেকে তিন দফায় ১৮ হাজার টাকা নেন রাশেদ। তবে দীর্ঘ সময় পার হলেও চাকরি না দেওয়ায় টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় আশ্বাস দিলেও তা পরিশোধ করেননি। সর্বশেষ সোমবার বিকেলে টাকা দেওয়ার কথা বলে সোহেলকে ঘটনাস্থলে ডেকে নিয়ে যান রাশেদ। সেখানে তার ডান হাতের কনুইয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যান তিনি।

পরে গুরুতর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধভূজপুরে বালু উত্তোলন ও মাটি কাটার মহোৎসব
পরবর্তী নিবন্ধরামুতে বৃদ্ধকে গলা কেটে হত্যা