চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য পদে নতুন করে দুইজন অধ্যাপককে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মোহাম্মদ সুলতান আহমেদ স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
জানা গেছে, উপ–উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ আল–আমীনকে। তিনি ২০১৮ সাল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অন্যদিকে উপ–উপাচার্য (প্রশাসন) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সফিকুল ইসলামকে। তিনি বর্তমানে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩–এর ধারা ১৪(১) অনুযায়ী তাদের এ দুই পদে নিয়োগ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, উপ–উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে ড. মোহাম্মদ আল–আমীন এবং উপ–উপাচার্য (প্রশাসন) হিসেবে ড. মো. সফিকুল ইসলামের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটবে। দায়িত্ব পালনকালে তারা তাদের বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। প্রজ্ঞাপনে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্বও তারা পালন করবেন। প্রয়োজনবোধে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। নিয়োগের শর্তাবলীতে আরও বলা হয়েছে, উপ–উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তারা নিজ নিজ বর্তমান পদে বহাল থাকবেন এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি দ্বারা নির্ধারিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের পাশাপাশি ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত দায়িত্বও পালন করবেন।











