জাতীয় বাজেট সম্পর্কে শিক্ষার্থীদের বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে চবি ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের ১২তম ব্যাচের উদ্যোগে ‘বাজেট ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ব্যবসায় প্রশাসন অনুষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ–উপাচার্য (একাডেমিক) ও রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল–আমীন। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপ–উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী।
প্রধান অতিথি বলেন, আগামী অর্থবছরে সরকারের প্রস্তাবিত ৯ লক্ষ ৩৮ হাজার কোটি টাকার বাজেট আমাদের জিডিপির প্রায় ১৩ দশমিক ৭ শতাংশ। এই বিশাল অংকের অর্থ সরকার কীভাবে বরাদ্দ করছে এবং তার প্রভাব কী হতে পারে, তা বিশ্লেষণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তিনি সফলতা কামনা করে অনুষ্ঠান উদ্বোধন ঘোষণা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সালেহ্ জহুর বলেন, এটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ একটি আয়োজন। তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন বিষয় তুলে ধরেন এবং অনুষ্ঠানের সফলতা কামনা করেন। বক্তব্য রাখেন মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর এবং চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ।
ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের সভাপতি মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহ্বায়ক মো. মুফিদুর রহমান এবং রাবেয়া আকতার।












