চবিতে ক্যারিয়ার সামিট কানেক্ট শীর্ষক ক্যারিয়ারভিত্তিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (সিইউসিসি) আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, পেশাজীবী ও একাডেমিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ অডিটোরিয়াম এটি অনুষ্ঠিত হয়। সামিটে সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের সভাপতি রাফসান হোসেন আলভী এবং আনুষ্ঠানিক উদ্বোধন করেন ক্লাবটির সাধারণ সম্পাদক নেসাতুন মিসকাত নাবেরী। সামিটের প্রথম অধিবেশন সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আফজালুর রহমান। এতে প্রধান বক্তা ছিলেন কনফিডেন্স সিমেন্ট পিএলসি ও কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান মোহাম্মদ আজিম। দ্বিতীয় অধিবেশনে প্রধান বক্তা ছিলেন চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী।
আয়োজকরা জানান, ক্যারিয়ার সামিট কানেক্ট শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যেখানে তারা বাস্তবমুখী জ্ঞান অর্জন, লক্ষ্য নির্ধারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনার সুযোগ পেয়েছে। এই আয়োজনটি প্রমাণ করেছে, ধারাবাহিক শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সঠিক পরিকল্পনাই একটি সফল ভবিষ্যৎ গঠনের মূল চাবিকাঠি।












