চট্টগ্রামে একদিনে ১১২ জন ডেঙ্গু আক্রান্ত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রামে গতকাল নতুন করে আরো ১১২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারিবেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। যা চলতি বছর একদিনের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৯৫ জন। এছাড়া এখন মৃত্যু হয়েছে ১৮ জনের।

গতকাল প্রকাশিত চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে প্রতিবেদনের তথ্য মতে, চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ৭৫৯ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের। এর আগে গত আগস্টে মোট আক্রান্ত হয়েছে ১ হাজার ২০২ জন এবং মৃত্যু হয়েছে ২ জনের। এছাড়া গত জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয় ৫৩৬ জন এবং মৃত্যু হয় দুই জনের। জুন মাসে আক্রান্ত ১২২ জন, মে মাসে ৩৭ জন, এপ্রিলে ২৯ জন, মার্চে ২০ জন, ফেব্রুয়ারিতে ২২ জন ও মৃত্যু ১ জনের এবং জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ৬৮ জন।

অন্যদিকে গতকাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১২ জন ডেঙ্গু আক্রান্তের মধ্যে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন, ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে ১৩ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১৮ জন, সিএমএইচ হাসপাতালে ২ জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৩১ জন।

চলতি বছর মোট আক্রান্ত রোগীদের মধ্যে ১ হাজার ৮৭৩ পুরুষ, ১ হাজার ৭৪ জন মহিলা এবং ৮৪৮ জন শিশু রয়েছে।

উল্লেখ্য, গত বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৬৪ জন এবং মারা যান ২৭ জন। এছাড়া ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩২৩ জন এবং মারা যান ৪৫ জন। ২০২৩ সালে আক্রান্ত হয়েছিল ১৪ হাজার ৮৭ জন, এরমধ্যে মারা যায় ১০৭ জন। ২০২২ সালে মোট আক্রান্ত ৫ হাজার ৪৪৫ জনের মধ্যে মারা যান ৪১ জন।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআ. লীগের অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিক ও প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে