চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:২২ পূর্বাহ্ণ

সামপ্রতিক বন্যাপরবর্তী পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের যাতায়াতের অসুবিধার বিষয়টি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষাগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৫৩ মিনিটে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল্লাহ আল মামুন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামনের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক/সমমান পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামপ্রতিক বন্যাপরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রন্ত এলাকাসমূহের সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের আসাযাওয়া অসুবিধার বিষয়টিসহ সার্বিক বিবেচনায় এইচএসসি/ আলিম/ এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা ২০২৬এর চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অবশিষ্ট বিষয়সমূহের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্যান্য শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের (চট্টগ্রাম বোর্ডের অধীন জেলা ব্যতীত) অন্যান্য জেলার পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধবন্যা নিয়ন্ত্রণে স্পিলওয়ে খোলা হতে পারে কাল
পরবর্তী নিবন্ধপ্রতিটি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী ইশরাক