প্রতিটি জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে : প্রতিমন্ত্রী ইশরাক

ষোলশহরে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ জুলাই, ২০২৬ at ৫:২৩ পূর্বাহ্ণ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওয়াসিমসহ সব শহীদের স্মৃতি ধরে রাখতে প্রতিটি জেলায় স্মৃতিস্তম্ভ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য এই আন্দোলনটি গড়ে তুলেছিলাম। এখানে যাতে আমাদের নিজেদের মধ্যে কোনো ধরনের বৈষম্য আগামীতে গড়ে না ওঠে, সেটার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি সর্বাত্মকভাবে কাজ করে যাব। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের প্রত্যেকের স্মৃতি আমরা সংরক্ষণ করব এবং সম্ভব হলে প্রত্যেকটি জেলায় একটি করে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। আন্দোলনে অবদান রাখা সকলের প্রতি যথাযথ মর্যাদা ও সম্মান প্রদর্শন করা হবে। তিনি গতকাল দুপুরে নগরের ষোলশহর রেলস্টেশনের প্রবেশমুখে জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে প্রথম শহীদ ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের স্মরণে ‘শহীদ ওয়াসিম আকরাম স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে অতিথি ছিলেন চট্টগ্রাম৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ও শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ২৪এর রক্তাক্ত গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সবার ত্যাগ ছিল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে। দীর্ঘ ১৭ বছর ধরে চলা স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতে নিরীহ শিক্ষার্থীদের ওপর যে নির্মম গণহত্যা চালানো হয়েছে, তা আন্তর্জাতিকভাবে জাতিসংঘ দ্বারাও স্বীকৃত।

ইশরাক হোসেন বলেন, স্বৈরাচারী হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন খবর ছড়াচ্ছে, সে নাকি ফেরত আসবে বা তারা আবারও পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে কঠোরভাবে একটি বার্তা দিয়ে যেতে চাই, বাংলাদেশে আর কোনোদিনও ফ্যাসিবাদী হাসিনার অথবা তার দলের রাজনীতি প্রতিষ্ঠা হওয়ার কোনো ধরনের সুযোগ নেই। জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। আমরা বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদ ওয়াসিম আকরামের বাবা শামসুল আলম বলেন, আজকে আমি আমার হাজারো সন্তানকে এখানে দেখতে পাচ্ছি। আমার আকুল আবেদন, কেউ যেন নিজেদের মধ্যে বৈষম্য তৈরি না করেন। দেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ থাকলে মানবিক রাষ্ট্রে পরিণত হওয়া সময়ের ব্যাপার