রাঙামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণের জন্য আগামীকাল শনিবার কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ১৬টি স্পিলওয়ে খোলা হতে পারে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাই হ্রদের পানি নিষ্কাশন সম্পর্কিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ।
কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আজ (বৃহস্পতিবার) ১৬ জুলাই সন্ধ্যা ৭টায় ১০৩ দশমিক ৯১ ফুট এমএসএল। কাপ্তাই বাঁধের সর্বোচ্চ পানি ধারণসীমা ১০৯ ফুট এমএসএল। ক্যাচমেন্ট এরিয়ায় সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে হ্রদের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় উজান ও ভাটি এলাকার পানি ব্যবস্থাপনা ও বন্যা নিয়ন্ত্রণের জন্য আগামী ১৮ জুলাই (শনিবার) বেলা ১১টার পর যেকোনো সময় স্পিলওয়ের ১৬টি গেট (জলকপাট) ৬ ইঞ্চি পরিমাণ উঠিয়ে পানি নিষ্কাশন শুরু করা হতে পারে। এতে প্রায় ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে হ্রদের পানির উচ্চতা, ইনফ্লো ও বৃষ্টিপাতসহ সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃষ্টিপাত, পানির উচ্চতা এবং ইনফ্লোর তারতম্যের ওপর নির্ভর করে স্পিলওয়ে খোলার সময় এগিয়ে বা পিছিয়ে নেওয়া হতে পারে। ইনফ্লো বেশি হলে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে। একই সঙ্গে বর্তমানে ৫টি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের ফলে প্রায় ৩২ হাজার কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে কর্ণফুলী নদীতে।











