সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম, ঘুষ গ্রহণ ও দুর্ব্যবহারের অভিযোগে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে দুদক। গতকাল দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম–১ এর সহকারী পরিচালক মো. এমরান হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় মহসিন নামের এক দালালকে আটক করে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। সহকারী পরিচালক মো. এমরান হোসেন বলেন, অভিযানকালে আমাদের টিম ছদ্মবেশে পাসপোর্ট অফিস পর্যবেক্ষণ করে এবং পাসপোর্ট সেবা গ্রহণে আগত সেবাগ্রহীতাদের সাথে কথা বলে। এ সময় একজন আনসার সদস্য, একজন পুলিশ কনস্টেবল এবং একজন বহিরাগত ব্যক্তি কর্তৃক বিভিন্ন অনিয়মে সম্পৃক্ত থাকার বিষয়টি টিমের কাছে পরিলক্ষিত হয়। আটককৃত দালাল মহসিনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারের জন্য পাসপোর্ট অফিসের পরিচালকের কাছে সোপর্দ করা হয় এবং অভিযোগ সংশ্লিষ্ট দুইজন কর্মচারীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে দুদককে অবহিত করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক কর্তৃক সংশ্লিষ্ট পুলিশ এবং আনসার সদস্যকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য স্ব–স্ব কর্তৃপক্ষকে অবহিত করা হয়।














