চট্টগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে চার দিনব্যাপী জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গত শুক্রবার সকাল সাড়ে ৭টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় ম্যাচে লাল দল ২–১ গোলে জয় পেয়েছে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দৈনিক পূর্বদেশের স্টাফ রিপোর্টার ওসমান সরওয়ার। একইভাবে বৃহস্পতিবার অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচেও লাল দল জয় পায় ৪–১ গোলে। ওইদিন ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রফিক হায়দার। এর আগে গত বুধবার সকালে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত লাল ও সবুজ দলের প্রথম ম্যাচ ২–২ গোলে ড্র হয়। এই ম্যাচে ২ গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ক্লাবের সদস্য আরিফুল হক।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, ক্রীড়া কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ চৌধুরী, ক্রীড়া সম্পাদক রুবেল খান, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনাম হায়দার, প্রচার প্রকাশনা সম্পাদক ফারুক আব্দুল্লাহসহ অন্যরা। উক্ত ম্যাচগুলোতে সেরা খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রেস ক্লাব নেতৃবৃন্দ। উল্লেখ্য, আগামী ৫ আগস্ট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে শহীদ আবু সাঈদ–মুগ্ধ একাদশের বিপক্ষে শহীদ ওয়াসিম–শান্ত একাদশ মুখোমুখি হবে।












