ঘুষের টাকাসহ গ্রেপ্তার সাব-রেজিস্ট্রারের ৫ দিনের রিমান্ডের আবেদন দুদকের

শুনানি আজ, দুই সহযোগীর জামিন নাকচ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৫:৩৭ পূর্বাহ্ণ

ঘুষের টাকাসহ গ্রেপ্তার নগরীর পাহাড়তলী সাব–রেজিস্ট্রার আবদুস সোবহানের ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল চট্টগ্রাম মহানগর দায়রা জজ হাসানুল ইসলামের আদালতে এ আবেদন করেন ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্ত কর্মকর্তা। আজ মঙ্গলবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে জানিয়ে দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) রেজাউল করিম রনি দৈনিক আজাদীকে বলেন, আজকে (গতকাল) একই আদালতে আবদুস সোবহানের দুই সহযোগী তথা হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশের জামিন চেয়ে তাদের আইনজীবী আবেদন করেছিলেন।

শুনানি শেষে বিচারক আবেদনটি নাকচ করে দেন। এর আগে গত ২৩ সেপ্টেম্বর হেড ক্লার্ক ফারুক ইসলাম ও উমেদার রূপন দাশ ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এতে তারা বলেন, সাব–রেজিস্ট্রার আবদুস সোবহানের নির্দেশে তারা ঘুষ গ্রহণ করেছিলেন। তারও আগে গত ২২ সেপ্টেম্বর বিকেলে এক আইনজীবীর অভিযোগের প্রেক্ষিতে নগরীর পাহাড়তলী সাব–রেজিস্ট্রি কার্যালয়ে অভিযান চালিয়ে সাব–রেজিস্ট্রার আবদুস সোবহান ও তার দুই সহযোগী যথাক্রমে ফারুক ইসলাম ও রূপন দাশকে ঘুষের দুই লাখ টাকাসহ হাতেনাতে আটক করেছে দুদক।

দুদক জানায়, ভোক্তভোগী আইনজীবী তার মক্কেলের দুটি অংশীদারি চুক্তিপত্র নিবন্ধনের জন্য পাহাড়তলী সাব–রেজিস্ট্রি কার্যালয়ে গিয়েছিলেন। তবে দলিল দুটিতে কোনো ত্রুটি না থাকলেও উক্ত নিবন্ধন আটকে রাখা হয়। এর কারণ জানতে চাইলে সাব–রেজিস্ট্রার আবদুস সোবহান ও হেড ক্লার্ক ফারুক ইসলাম দলিল দুটি নিবন্ধনের বিনিময়ে তার কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ দাবি করেন।

পূর্ববর্তী নিবন্ধহাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁইছুঁই
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন