তীব্র গ্যাস সংকট, নিরবচ্ছিন্ন বিদ্যুতের অনুপস্থিতি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে বলে দাবি করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), চট্টগ্রাম জেলা শাখা। জনদুর্ভোগের স্থায়ী সমাধানেরও দাবি জানিয়েছে দলটি। গতকাল শুক্রবার বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সিপিবির নেতারা। তারা সরকারের নীতি ও বাজার সিন্ডিকেটের সমালোচনা করেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অশোক সাহার সভাপতিত্বে এবং সদস্য প্রদীপ ভট্টাচার্যের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক উত্তম চৌধুরী, সদস্য রেখা চৌধুরী, যুবনেতা রূপন ধর ও ছাত্রনেতা শুভ দেবনাথ।
সমাবেশে সিপিবির নেতারা বলেন, দীর্ঘদিনের জ্বালানি সংকট দেশের জনজীবন ও জাতীয় অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং এবং বাসাবাড়িতে গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে মানুষ চড়া দামে এলপিজি সিলিন্ডার, এমনকি কাঠ–বাঁশ জ্বালিয়ে রান্না করছে। বাসাবাড়িতে সংকটের পাশাপাশি গ্যাস–বিদ্যুতের সমস্যায় শিল্পকারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। এতে শ্রমজীবী মানুষের কর্মসংস্থান ও ব্যবসা–বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সিপিবির নেতারা অভিযোগ করেন, সংকট সমাধানে বর্তমান সরকার ব্যর্থ ও উদাসীন। গ্যাস–বিদ্যুৎ নিয়ে প্রশ্ন উঠলে সরকার সমাধানের পরিবর্তে আগের আমলের দোষ তালিকাভুক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। অথচ সরকারের মূল দায়িত্ব ছিল দেশীয় জ্বালানি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং জনগণের জন্য নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করা। কিন্তু তা না করে সরকার মার্কিন স্বার্থসংশ্লিষ্ট জনস্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে। প্রেস বিজ্ঞপ্তি।












