গোসাইলডাঙ্গা ওয়ার্ডে ৯টি সড়কের উন্নয়ন ও সংস্কার

ব্যয় হয়েছে ২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ নভেম্বর, ২০২৬ at ১১:১৬ পূর্বাহ্ণ

নগরের ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ডে তিনটি প্রকল্পের আওতায় ৯টি সড়কের উন্নয়ন ও সংস্কার করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। উন্নয়ন কাজের মধ্যে ছিল ড্রেন নির্মাণ, স্ল্যাব স্থাপন, সড়ক সংস্কার ও সলিং, সাব–বেইজ, ম্যাকাডম, বিটুমিনাস কার্পেটিং ও রোড মার্কিং। এতে ব্যয় হয়েছে ২ কোটি ২০ লাখ ৮০ হাজার টাকা।

চসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, বাস্তবায়িত তিনটি প্রকল্পের মধ্যে বি নাগ লেইন ও গলিসমূহ এবং আজিজ মিয়া গোডাউন রোডের উন্নয়নে ব্যয় হয়েছে ৫৬ লাখ ৮০ হাজার টাকা। ফকিরহাট রোড, বেচা শাহ রোড ও বাই লেইনসমূহের উন্নয়নে ব্যয় হয়েছে ৭৮ লাখ ৩০ হাজার টাকা। এছাড়া বারিক মিয়া স্কুল রোড, বারিক মিয়া বাড়ি রোড, কে বি দোভাষ লেইন ও মৌলভী আহমদ উল্লাহ রোডের উন্নয়নে ব্যয় হয়েছে ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

গত বুধবার নির্মিত সড়কগুলো উদ্বোধন করেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হেসেন। এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে চসিক প্রশাসক বলেন, উন্নয়নকাজের গুণগত মানের ব্যাপারে কোনো ধরনের আপস করা যাবে না। ঠিকাদার যে–ই হোক, কাজের মান নিশ্চিত করতে হবে। কোনো অবস্থাতেই নিম্নমানের কাজ বরদাশত করা হবে না।

ডা. শাহাদাত বলেন, নগরের উন্নয়ন কার্যক্রমের এ ধারা অব্যাহত থাকবে। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ উন্নয়নযাত্রাকে সফল করতে নগরবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্ত করে চিকিৎসা নিশ্চিত করা জরুরি
পরবর্তী নিবন্ধকাপ্তাই সড়কে বিপজ্জনকভাবে ট্রাকভর্তি বাঁশ পরিবহন