গাজার সেই চিকিৎসক ৯ সন্তানের পর এবার হারালেন স্বামীকেও

| মঙ্গলবার , ৩ জুন, ২০২৫ at ১১:৪৫ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলের হামলায় ৯ সন্তান হারানো ফিলিস্তিনি নারী চিকিৎসক এবার তার স্বামীকেও হারিয়েছেন। খবর বিডিনিউজের।

গত ২৩ মে গাজার খান ইউনিস শহরের নাসের হাসপাতালে কাজ করা চিকিৎসক আলা–আল–নাজ্জারের বাড়িতে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল। সে সময় হাসপাতালের জরুরি বিভাগে কাজে ছিলেন তিনি। তার স্বামী হামদি আল–নাজ্জারও একই হাসপাতালে কাজ করতেন। হামলার দিন তিনি তার স্ত্রীকে কাজে দিয়ে বাসায় ফিরে যাওয়ার পর ইসরায়েলের হামলার শিকার হন। ১০ সন্তান নিয়ে বাড়িতে থাকার সময়ই হামলায় ধ্বংস হয়ে যায় বাড়ি। ১০ সন্তানের মধ্যে ৯ জনই মারা যায়। মৃত সন্তানদের সবারই বয়স ছিল ৬–১২ বছরের মধ্যে। হামদি আল–নাজ্জার গুরুতর আহত হয়েছিলেন। তাকে এবং তার ১১ বছর বয়সী এক সন্তানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হামদির মস্তিষ্ক এবং অভ্যন্তরীণ ক্ষতের চিকিৎসা চলছিল। নাসের হাসপাতালে কাজ করা বুলগেরীয় এক চিকিৎসক গত সপ্তাহে বিবিসি– কে বলেন, আদমের বাবা হামদির ব্রেইন, ফুসফুস, ডান হাত এবং কিডনি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার চিকিৎসা চলার মাঝেই গত শনিবার তিনি মারা যান। এখন কেবল আলা আল–নাজ্জার আর তার ১১ বছর বয়সী ছেলে আদম–দুইজনই বেঁচে আছে।

হাসপাতালে আদমের চিকিৎসা চলছে। আদমের চাচার অনুরোধে ইতালি সরকার তার চিকিৎসা করতে রাজি হয়েছে। নাসের হাসপাতালে আদমের চিকিৎসা করা এক ব্রিটিশ সার্জন ইসরায়েলের হামলায় নাজ্জারের প্রায় পুরো পরিবার হারানোর এই ঘটনাকে অত্যন্ত নির্মম বলে বর্ণনা করেছেন। তবে এ ঘটনার পরও আলা আল নাজ্জার হাসপাতালে তার দায়িত্ব পালন করে যাচ্ছেন।

পূর্ববর্তী নিবন্ধব্যাগভর্তি ৪৭টি বিষধর সাপ নিয়ে মুম্বাই বিমানবন্দরে ভারতীয় গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবুথফেরত জরিপের ফল উল্টে পোল্যান্ডের নতুন প্রেসিডেন্ট কারোল নাভ্রোৎস্কি