গর্ভবতী গাভী চুরি করে জবাই, পথে মিলল নাড়িভুঁড়ি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ২২ জুলাই, ২০২৬ at ৬:৫৫ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় গোয়ালঘর থেকে পাঁচ মাসের গর্ভবতী একটি গাভী চুরি করে জবাই করেছে দুর্বৃত্তরা। এতে একদিকে যেমন দিনমজুরের শেষ সম্বল হারিয়েছে, অন্যদিকে গোয়ালে মাকে হারিয়ে অবিরাম ডাকছে মাতৃহারা বাছুরটি। উপজেলার লালানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডাবাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত মো. মাহবুব (৪০) ঘাগড়া খিল মোগল এলাকার আবদুল খালেকের ছেলে।

জানা যায়, গত সোমবার রাতে গোয়ালঘরে গাভী ও বাছুরকে একসঙ্গে বেঁধে রেখে ঘুমাতে যান মাহবুব। কিন্তু মঙ্গলবার সকালে গোয়ালঘরে গিয়ে দেখেন, কেবল বাছুরটি একা, মা গাভীটি নেই। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের সিকদারপাড়া ইউনিয়ন পরিষদ বিকল্প সড়কের সীমান্ত এলাকায় গাভীর কাটা লেজ ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মাংস কেটে নিয়ে এসব ফেলে রেখে যায় চোরেরা। তা দেখেই নিজের গাভীটিকে শনাক্ত করে কান্নায় ভেঙে পড়েন এই দিনমজুর।

সন্তানদের পড়াশোনার খরচ চালাতে ও দেনা মেটাতে আনুমানিক ৭০৮০ হাজার টাকা মূল্যের এই গাভীটি লালনপালন করছিলেন মাহবুব। তার তিন সন্তানই স্থানীয় মাদ্রাসায় পড়াশোনা করে। তিনি বলেন, কারো সাথে আমার কোনো শত্রুতা ছিল না। কৃষিকাজ আর দিনমজুরি করে সংসার চালাই। একটা নতুন বাছুর আসার অপেক্ষায় ছিলাম, কিন্তু চোরেরা আমার সব শেষ করে দিল।

ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম তালুকদার এ ঘটনার তীব্র নিন্দা জানান। বর্তমানে পুরো পরিবারটি যেমন আর্থিক ধাক্কায় দিশেহারা, তেমনি মাতৃহারা ছোট্ট বাছুরটিকে বাঁচিয়ে রাখা ও শান্ত করা নিয়েও চরম বিপাকে পড়েছেন তারা। এলাকাবাসী এই নৃশংস চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ ব্যাংক থেকে একে একে তুলে নেওয়া হবে প্রশাসক
পরবর্তী নিবন্ধহামের উপসর্গ নিয়ে আরো ৪ মৃত্যু