গণশুনানির মাধ্যমে জ্বালানির মূল্য নির্ধারণের দাবি

মহানগর ছাত্র ফেডারেশনের সমাবেশ

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৬ at ৬:২৫ পূর্বাহ্ণ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং গণশুনানির মাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের দাবিতে বাংলাদেশ ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গতকাল শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রত্যক্ষ প্রভাব পরিবহন ব্যয়, দ্রব্যমূল্য ও সাধারণ মানুষের জীবনযাত্রার ওপর পড়ে। জনগণের ওপর অতিরিক্ত অর্থনৈতিক চাপ সৃষ্টি করে এমন সিদ্ধান্ত গ্রহণের আগে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে জ্বালানির মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানির মাধ্যমে মূল্য নির্ধারণের দাবি জানান তারা। ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সম্পাদক জাহেদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিআরবি রক্ষা মঞ্চের সদস্য সচিব রিজওয়ানুর রহমান, ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার সদস্য সৌমেন দাশ, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ, সম্পাদক শওকত ওসমান তৌকির এবং গণসংহতি আন্দোলন চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী নাসির উদ্দীন তালুকদার। সভাপতিত্ব করেন ছাত্র ফেডারেশন চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক আরিফুল হক। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপেকুয়ার ইউসুফ আলী হত্যা মামলার ৩ আসামি চান্দগাঁওয়ে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপটিয়ায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের সালাতু সালাম মাহফিল