স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি সরকার গণমানুষের বাজেট ঘোষণা করেছে। ব্যাংকমুখী না হয়ে ঘোষিত এই বাজেটকে যারা দলীয়করণ বলছে তারা খুবই নিকৃষ্ট প্রকৃতির লোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ শনিবার কক্সবাজার আগমন উপলক্ষে গতকাল শুক্রবার সকালে কক্সবাজার পৌঁছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত অনুষ্ঠানস্থল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ শেষে চকরিয়া পৌরসভার বাস টার্মিনালের মাঠে ঘোষিত বাজেট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
নিজ জেলায় প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর কক্সবাজার সফরকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি নিশ্চিত করেছে। সফরের প্রতিটি কর্মসূচি যাতে শান্তিপূর্ণ, সুশৃক্সখল ও নিরাপদভাবে সম্পন্ন হয়–সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরকে ঘিরে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা তদারকিতে কক্সবাজারের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা, আইনশৃক্সখলা বাহিনীর সদস্য এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করে প্রয়োজনীয় দিক–নির্দেশনা প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।











