খোকা মায়ের কাছে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ৬ মে, ২০২৬ at ১০:২০ পূর্বাহ্ণ

ভোর হয়েছে ফুটলো আলো গাইছে পাখি গান

কর্ণফুলির নদীতে ঢেউ জোয়ার ভাটার টান,

হাওয়া নরম হাত বুলিয়ে পরশ ছড়ায় সুখে

সজীবতা দোল খেয়ে যায় মায়ের চোখে মুখে।

বাগান জুড়ে গোলাপ টগর মল্লিকা জুঁই জবা

প্রজাপতির নকশি আঁকা ডানায় রঙিন প্রভা,

খাঁচা ছেড়ে হাঁস মুরগির বাইরে ছোটাছুটি

মা চেয়ে রয় মুগ্ধ চোখে মিষ্টি শালিক দু’টি।

জোয়ান বলদ জোড়া লাঙল কাঁধে ছোটে চাষা

পাতার বুকে সকাল আঁকে মিষ্টি রোদের ভাষা,

খোকা ও খুকুর নামতা গোনা বর্ণমালা পাঠ

মায়ের বুকে আশার তরী অতুল খুশির হাট।

ঘুম পাড়ানি গানের সুরে মায়ের কন্ঠধ্বনি

আদর সোহাগ ভালোবাসা অপার স্নেহের খনি,

খোকা মায়ের কাছে বুকের পরম মানিক ধন

মা পৃথিবীর বুকে সঠিক সবচে আপন জন।

পূর্ববর্তী নিবন্ধরবির আশিস
পরবর্তী নিবন্ধডাকঘর