কোল্ড স্টোরেজে ২৫ হাজার কেজি জাটকা জব্দ, জরিমানা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২১ মে, ২০২৩ at ৬:০২ পূর্বাহ্ণ

নগরীর মাঝিরঘাটের বাংলাবাজার এলাকার এ কে খান কোল্ড স্টোরেজে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় সেখানে মজুদ থাকা ২৫ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। অন্যায়ভাবে জাটকা মজুদ করায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটির ম্যানেজার চন্দন দে’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল সন্ধার পর জেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে সহযোগিতা করে সিএমপির একটি টিম। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। তিনি বলেন, বাংলাবাজারের এ কে খান কোল্ড স্টোরেজ থেকে প্রায় ৪০ লাখ টাকার জাটকা ইলিশ মাছ জব্দ করা হয়েছে। ওজনে প্রায় ২৫ হাজার কেজি। মাছগুলো এতিমখানাসহ নানাভাবে বিতরণ করা হবে। জাটকা মজুদের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটুয়াখালীতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৫০
পরবর্তী নিবন্ধউন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত নগরীর ৪৩ ভূমি মালিক পেলেন ক্ষতিপূরণ