কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম

মাছ-মাংসের বাজারও ঊর্ধ্বমুখী

আজাদী প্রতিবেদন | শনিবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৬ at ৯:৩৫ পূর্বাহ্ণ

সরবরাহ সংকটের অজুহাতে’ বাড়ছে প্রায় সব ধরনের সবজির দাম। গত এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজিতে বেড়েছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। এছাড়া মাছ, মুরগি ও মাংসের বাজারও ঊর্ধ্বমুখী।

গতকাল নগরীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বরবটির দাম গত সপ্তাহের ব্যবধানে কেজিতে ৩০ টাকা বেড়ে গিয়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। বেগুনের কেজি ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, শিমের দাম ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়, শসা ৩০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকায়। প্রতি কেজি কাঁচা মরিচ ৪০ টাকা বেড়ে গিয়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ঝিঙে ও করলার দাম অপরিবর্তিত রয়েছে, বর্তমানে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কাজীর দেউড়ি বাজারের সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, পাইকারিতে সবজির দাম বেশি, তাই খুচরায় এর প্রভাবে দাম বেড়েছে। এছাড়া কয়েক সপ্তাহ ধরে সবজির সরবরাহও কম।

এদিকে মাছের বাজারে প্রায় সব ধরনের মাছের কেজিতে ২০৪০ টাকা বেড়েছে। বর্তমানে পাঙ্গাশ প্রতি কেজি ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। মানভেদে চিংড়ির কেজি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বড় আকারের রুই ৪৫০ থেকে ৫০০ ও ট্যাংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ব্যাটারিগলির মাছ বিক্রেতা জুয়েল শেখ বলেন, আড়তে মাছের দাম বেশি থাকায় আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। পরিবহন ও অন্যান্য খরচও রয়েছে। তাই খুচরা বাজারে মাছের দাম কমানো সম্ভব হচ্ছে না।

অপরদিকে, বাজারে অনেকটা চড়া দামে ফার্মের মুরগি ও ডিম বিক্রি হচ্ছে। বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ফার্মের মুরগির এক ডজন ডিমের দাম ১৫০ টাকা।

পূর্ববর্তী নিবন্ধসাধারণের পাতে নেই ইলিশ
পরবর্তী নিবন্ধমিয়ানমারে পাচার হচ্ছিল সিমেন্ট, দুটি কার্গো বোটসহ ১,২৬০ বস্তা জব্দ