কীসের হাসিনা, কোথায় হাসিনা

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ৮ আগস্ট, ২০২৬ at ৮:৪৫ পূর্বাহ্ণ

ভারতে অবস্থানরত শেখ হাসিনার সাম্প্রতিক সংবাদ সম্মেলনকে ইঙ্গিত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘কীসের হাসিনা? কোথায় হাসিনা? কোথায় বক্তব্য দিয়েছে? তার চেহারা কি দেখা গেছে? মাঝেমধ্যে শুধু আওয়াজটাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে, বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কি না। কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই তাদের এসব রাজনীতি গ্রহণ করবে না।’ গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী, তাদের কোনো অনুশোচনা নেই। তারা বাংলাদেশের মানুষের কাছে ক্ষমাও চায়নি। তাই এ দেশে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাদের রাজনীতি করার অনুমতি কোনোদিনই দেবে না। তিনি আরও বলেন, তারা বিদেশ থেকে মাঝেমধ্যে উঁকিঝুঁকি দিতে পারে, চিৎকারচেঁচামেচি করতে পারে। কিন্তু আমরা এসবকে আর গুরুত্ব দিচ্ছি না। দেশের মানুষও তাদের কর্মকাণ্ডে সাড়া দেবে না।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) কার্যালয় পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন। পরে কলাতলী এলাকায় কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পূর্ববর্তী নিবন্ধআড়াইশর বেশি যাত্রী নিয়ে রোমে আটকা বিমান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো ২৪ জন ডেঙ্গু আক্রান্ত