কালুরঘাটে নতুন সেতুর নির্মাণকাজ দ্রুত শুরুর দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরামের স্মারকলিপি

| সোমবার , ১৪ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৭ পূর্বাহ্ণ

কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর নতুন রেলকামসড়ক সেতুর নির্মাণকাজ দ্রুত ও দৃশ্যমানভাবে শুরুর দাবিতে চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেছে। ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন এবং মহাসচিব আবু তাহের চৌধুরী স্বাক্ষরিত স্মারকলিপিটিতে নির্দিষ্ট সময়ে কালুরঘাটের নির্মাণ কাজ শুরুর সরকারি প্রতিশ্রুতি ও ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় এবং দীর্ঘসূত্রিতায় ক্ষোভ প্রকাশ করা হয় এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।

গতকাল রোববার বিকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মনোয়ারা বেগমের মাধ্যমে স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী, শাহরিয়ার খালেদ, যুগ্ম মহাসচিব মো. কামরুল ইসলাম, বালাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম মো. একরাম হোসেন, মিতুল দাশ গুপ্ত, সার্ক মানবাধিকারের বিভাগীয় মহাসচিব জাফর ইকবাল, আবছার উদ্দিন অলি, ইলিয়াস রিপন, আক্তার হোসেন নিজামী, পুর্নিমা, লায়ন নুর আহমদ পিন্টু, মাসুদ রানা, তাহেরা শারমিন, জসিম উদ্দিন চৌধুরী, লায়ন এ কে আজাদ, মো. মাঈনুদ্দিন, তসলিম খাঁ, সাবরিনা আফরোজা, আজমেরী বেগম, রোজী চৌধুরী প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, একনেকে অনুমোদনের প্রায় দুই বছর পরও কালুরঘাট নতুন সেতু প্রকল্পে ভূমি অধিগ্রহণ ও মূল নির্মাণকাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে চট্টগ্রামবাসীর মধ্যে গভীর উদ্বেগ ও হতাশা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন বড় বড় প্রকল্প একনেকের অনুমোদনের পর তুলনামূলকভাবে অনেক স্বল্প সময়ে নির্মাণ কাজ শুরু ও সম্পন্ন করার উদাহরণ টেনে স্মারকলিপিতে বলা হয়, আন্তরিকতা, সদিচ্ছা ও যথাযথ তদারকি থাকলে এটা সম্ভব হয়। চট্টগ্রাম নাগরিক ফোরাম প্রকল্পটিকে অগ্রাধিকারভিত্তিক প্রকল্প হিসেবে ঘোষণা, বিলম্বের কারণ প্রকাশ, নির্দিষ্ট সময়সূচি ঘোষণা, আগামী তিন মাসের মধ্যে দৃশ্যমান কাজ শুরু এবং ২০২৯ সালের মধ্যে প্রকল্পটি সম্পন্ন করার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে। স্মারকলিপি প্রদান শেষে চট্টগ্রাম আদালত ভবন প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম নাগরিক ফোরামের নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম দীর্ঘদিন ধরে চট্টগ্রামের জনগণকে সাথে নিয়ে কালুরঘাট নতুন সেতু বাস্তবায়নের জন্য আন্দোলনসংগ্রাম করে আসছে। চট্টগ্রামের জনগণের এই দাবি কোনো আঞ্চলিক দাবি নয়, নাগরিক ফোরামের উদ্যোগের কারণে এটি একটি জাতীয় দাবিতে পরিণত হয়েছে। ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন স্মারকলিপি প্রদান উপলক্ষে বলেন, কালুরঘাট নতুন সেতুর স্বপ্নটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা কোনো অবস্থাতেই নীরব হব না। আমাদের দাবি অরাজনৈতিক এবং সামাজিক, চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণের জন্য গঠনমূলক ও শান্তিপূর্ণভাবে চট্টগ্রাম নাগরিক ফোরামের ব্যানারে চট্টগ্রামবাসী ঐক্যবদ্ধ রয়েছে। আমাদের সচেতন প্রচেষ্টা অব্যাহত থাকবে, যতদিন না এটি বাস্তবায়িত হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালিশহর মুনিরনগর ওয়ার্ডে ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
পরবর্তী নিবন্ধএডিস মশার বংশবিস্তার থামিয়ে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করা সম্ভব