ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার মিঠাছরা বাজারের ইউটার্ন গতকাল শুক্রবার দুপুরে কাভার্ডভ্যান চাপায় এক বীমা কর্মকর্তার মর্মান্তিক মৃত্যু হয়। জনতা কাভার্ডভ্যান চালক ও গাড়িটি আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মীরসরাই থেকে নিজে বাইক চালিয়ে মিঠাছরা বাজারের দিকে যাচ্ছিলেন ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা মনজুর আলম (৫৫)। বাইপাসে রাস্তা ক্রসকালে চট্টগ্রামমুখী কাভার্ডভ্যান নং ঢাকামেট্রো উ– ১১–২৭৬৭ তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী ডাইনামিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুর ৩টার দিকে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। মীরসরাই কলেজ রোডস্থ চক্ষু চিকিৎসক ডা. সালাউদ্দিন জানান, সকাল ১১টার দিকে আমার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে গিয়েছিল, কিছুক্ষণ পরই দুর্ঘটনার খবর জানতে পারি। তিনি পার্শ্ববর্তী তালবাড়িয়া গ্রামে বিয়ে করেছেন এবং সেখানেই সপরিবারে থাকতেন। এই বিষয়ে হাইওয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর শরিফুজ্জামান বলেন, ঘটনার পরপরই জনতা ঐ কাভার্ডভ্যানের চালক সোলায়মান (৩৬) কে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। বর্তমানে চালক ও গাড়িটির বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।












